যুবাদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ: আন্তর্জাতিক যুব দিবসের ওয়েবিনারে বক্তারা

বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এই সংকট মোকাবেলায় যথাযথ কর্মসূচি এবং টেকসই অর্থায়ন জরুরি।

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (১১ আগস্ট) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এ মতামত তুলে ধরেন।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহায়তায় এই অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল তরুণদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন এবং গিভ বাংলাদেশ। আগামীকাল ১২ আগস্ট ‘ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হবে।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ এবং এর মধ্যে ১৯ শতাংশই অকাল মৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ। ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য অনুযায়ী, ১৮-৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এই সংকট মারাত্মক আকার ধারণ করবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “উচ্চ রক্তচাপজনিত অকালমৃত্যু কমাতে তৃণমূল পর্যায়ের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে টেকসই অর্থায়ন জরুরি। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে এটি হতে পারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ।”

ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, “গবেষণাভিত্তিক প্রতিকার ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উচ্চ রক্তচাপ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

জিএইচএআইয়ের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, “স্বাস্থ্য বাজেট বৃদ্ধি খুবই ভালো পদক্ষেপ। বর্ধিত স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ মোকাবেলায় ব্যয় করতে হবে।”

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন বলেন, “স্বাস্থ্য বাজেট ব্যবহারে সরকার যাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয় সেজন্য গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে।”

ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.