পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন কোনো পরমাণু চুক্তি ছাড়াই চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে বিজয় ঘোষণা করার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব হলে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াতে আগ্রহী ট্রাম্প। তবে হরমুজ প্রণালি খুলতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে ছয়টি শর্ত দিয়েছে। ফলে যুদ্ধের অবসান নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প সাম্প্রতিক সময়ে তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনায় বলেছেন, ইরানের পক্ষে নতুন করে পরমাণু কর্মসূচি চালু করা কঠিন হতে পারে। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি।

ট্রাম্পের ধারণা, ইরান এসব স্থাপনা পুনর্নির্মাণের চেষ্টা করলে কিংবা গোপনে পরমাণু অস্ত্র তৈরির উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতা তা শনাক্ত করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে আবার হামলার হুমকি দীর্ঘমেয়াদি প্রতিরোধ হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিলে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নিতে পারেন ট্রাম্প। তবে ইরান যদি বাণিজ্যিক জাহাজে আরও হামলা চালায়, তাহলে সামরিক পদক্ষেপের পথ খোলা রাখবে ওয়াশিংটন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলো অর্জন করেছে। এখন ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

এদিকে হরমুজ প্রণালি খুলতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর ছয়টি শর্তের কথা জানিয়েছেন।

শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরান, লেবানন, ইয়েমেন, ইরাক ও ফিলিস্তিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সব ধরনের আগ্রাসন বন্ধ, ইরানকে মৌখিক হুমকি দেওয়া বন্ধ, নৌ অবরোধসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ছেড়ে দেওয়া।

ইরানের এই কঠোর অবস্থান সংঘাত থেকে ট্রাম্পের সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ আরও কঠিন করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ মোনা ইয়াকুবিয়ান বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের কঠোর শর্ত ট্রাম্পের জন্য যুদ্ধ থেকে বেরিয়ে আসাকে আরও জটিল করে তুলেছে।

এছাড়াও, ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। তবে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা এবং যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে।

ইউরেশিয়া গ্রুপের ইরানবিষয়ক বিশেষজ্ঞ গ্রেগরি ব্রুয়ের মতে, ইরান মনে করছে ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান এবং তার প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া। এ কারণেই তেহরান আলোচনায় কঠোর অবস্থান নিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.