সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এক শোকবার্তায় তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তারা।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী নিহতদের পরিবার ও সংশ্লিষ্টদের সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার ঘটনায় বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.