রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের নেতা রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

তফসিল ঘোষণার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।

নির্ধারিত সময় অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.