সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদী কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর পরিপ্রেক্ষিতে বর্ণিত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওই নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে অথবা সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি স্থিতিশীল আছে; যা আগামী এক দিন বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। অপরদিকে কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে; যা আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ওই নদীগুলোর শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে; অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী তিন দিন বৃদ্ধি পেতে পারে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.