মার্কিন প্রতিষ্ঠান ও ড্রোন প্রযুক্তিতে নতুন কড়াকড়ি, পাল্টা পদক্ষেপ চীনের

যুক্তরাষ্ট্রের বেশ কিছু পদক্ষেপের জবাবে দেশটির প্রতিষ্ঠান ও প্রযুক্তিপণ্যের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে চীন। এর মধ্যে রয়েছে সাতটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ও সহযোগিতায় নিষেধাজ্ঞা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে রফতানি করা ড্রোন ও এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের অনুমোদন প্রক্রিয়াও কঠোর করা হয়েছে। খবর গণমাধ্যম।

চীনের পক্ষ থেকে বলা হয়, মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, পরীক্ষাগার, ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের বিষয়ে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ৪০টির বেশি চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে উত্তেজনা অনেক দিন ধরেই চলছে। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের বাজারে চীনা প্রযুক্তির প্রবেশ ও মার্কিন প্রযুক্তিতে চীনের প্রবেশাধিকার সীমিত করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ পণ্য ও কাঁচামালের রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করল চীনও।

যুক্তরাষ্ট্রে রফতানি করা নিয়ন্ত্রিত ড্রোন, ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সংশ্লিষ্ট প্রযুক্তির ওপরও কড়াকড়ি বাড়িয়েছে চীন। এসব পণ্য এখন থেকে প্রতিটি চালানের ক্ষেত্রে আলাদাভাবে কঠোরভাবে পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে আগের মতো লাইসেন্স পাওয়ার সুবিধা থাকবে না।

তবে এর অর্থ যুক্তরাষ্ট্রে ড্রোন রফতানিতে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বরং চীনের দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য (বেসামরিক ও সামরিক কাজে ব্যবহারযোগ্য পণ্য) রফতানি নিয়ন্ত্রণের আওতায় থাকা ড্রোন ও সংশ্লিষ্ট পণ্যের লাইসেন্স পাওয়া আরও কঠিন করা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.