রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫৭ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জন রয়েছেন।
অভিযান চলাকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ হাজার ৪৩৯টি ইয়াবা এবং ১ কেজি ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ২টি কাঁধের ব্যাগ, ৩টি ওয়াকিটকি, ২টি চার্জার, উদ্ধার হওয়া ২ জন ভিকটিম, একটি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, ২টি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানায় পরিচালিত নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে অস্ত্র, মাদক এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.