ঢাকার আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেমে থেমে হামলা-পাল্টা হামলার ঘটনা চলতে থাকে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।
সংঘর্ষে আহত দুই ছাত্রদল নেতা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি (২৭)।
আহত রাব্বির দাবি, তিনি আলিয়া মাদরাসার শিক্ষার্থী নন। বিকেলে বন্ধুদের সঙ্গে মাদরাসা প্রাঙ্গণে অবস্থানকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সানাউল্লাহর দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রাব্বির বাম পায়ে ইটের আঘাত এবং পড়ে গিয়ে বাম হাতে চোট লেগেছে। বর্তমানে দুজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সংঘর্ষের পর আলিয়া মাদরাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.