রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে শনিবার (১ আগস্ট) দুপুরে বোমা সদৃশ সন্দেহজনক বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, মিরপুর ও তেজগাঁও এলাকায় একই সময়ে দুটি স্থানে সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। পরে বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দল ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে সেটি বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রী ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপর একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, একটি পিলারের পাশে পড়ে থাকা বস্তাটিকে সন্দেহজনক মনে হওয়ায় বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমা বলেন, ঝুঁকি এড়াতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
পরে দুপুর দেড়টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা শেষে জানায়, ফার্মগেটে পাওয়া বস্তুটি একটি খালি বস্তা। এর ভেতরে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে পাইপ বোমা উদ্ধার করা হয়েছিল। এছাড়া ৩০ জুলাই রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার করে তা নিরাপদে নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা বাহিনী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.