বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে শিগগিরই বাংলাদেশে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা

বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সার্জিও গর। তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ‘দারুণ’ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

একই দিন এক্সে দেয়া আরেক পোস্টে তিনি জানান, বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে স্থিতিশীল বিবেচনা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) দেশটির জন্য জারি করা ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ করেছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে এবং সেসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। ভ্রমণ সতর্কতার স্তর কমানোর সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

ঢাকায় পৌঁছে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেয়া আরেক পোস্টে সার্জিও গর বাংলাদেশ সফর শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে সফরজুড়ে ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন।

সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

তিন দিনের সফর শেষে শনিবার দুপুরে সার্জিও গরের দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.