ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্বোধন, ক্যাশলেস লেনদেনে নতুন যুগ

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিউশন ফি, ক্যাফেটেরিয়া, রিটেইল শপসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে নগদবিহীন উপায়ে সম্পন্ন করা যাবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফাত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআর, ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আর্থিক লেনদেন—টিউশন ও একাডেমিক ফি, ক্যাফেটেরিয়া ও রিটেইল শপের বিল এবং অন্যান্য দৈনন্দিন খরচ বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বাংলা কিউআর দেশের একটি সমন্বিত কিউআরভিত্তিক পেমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার একটি বাস্তব উদাহরণ এই উদ্যোগ। দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার যাত্রায় ব্র্যাক ইউনিভার্সিটির অংশীদার হতে পেরে ব্যাংকটি গর্বিত। তিনি বলেন, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর সফল বাস্তবায়নের জন্য সবার জন্য ইন্টারনেট সংযোগ ও স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ নিশ্চিত করাও জরুরি।

ব্র্যাক ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাব (ফিনঅ্যাক্ট)-এর শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট সেবায় ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক নেতৃত্বের পাশাপাশি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও ক্যাশলেস অর্থনীতি গঠনে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরা হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.