দুবাই থেকে আনা প্রায় ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

শুল্ক-কর ফাঁকি দিয়ে দুবাই থেকে আনা প্রায় ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায়। এ সময় দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ আসা যাত্রী মোহাম্মদ সোহেলের সঙ্গে থাকা তিনটি ব্যাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ‘মন্ড’ ব্র্যান্ডের ১৫০ কার্টন এবং ‘এসে লাইটস’ ব্র্যান্ডের ৮৫ কার্টনসহ মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার করা সিগারেটগুলো ডিটেনশন মেমোর মাধ্যমে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা সিগারেটের শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। এসব পণ্যের ওপর মোট শুল্ক-করের হার ৬২১ দশমিক ৬৩ শতাংশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.