অতিরিক্ত কর আরোপ না করে নতুন রাজস্ব উৎস সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বাজেট ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটি সংস্থাটির ১৫তম বাজেট।
নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং সর্বোপরি নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত কর আরোপের মাধ্যমে নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নতুন নতুন রাজস্ব উৎস সৃষ্টি করে সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোই এ বাজেটের মূল লক্ষ্য।
তিনি বলেন, বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৯১২ টাকা। এর বিপরীতে প্রকৃত রাজস্ব আদায় হয়েছে ১৫৯ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ১০৭ টাকা, যা লক্ষ্যমাত্রার ৭৪ দশমিক ৪৮ শতাংশ। এ রাজস্বের মধ্যে কর বাবদ আদায় হয়েছে ৮০ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা, অনুদান বাবদ ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য রাজস্ব উৎস থেকে ৫৪ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৬০৫ টাকা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.