যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকারের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক মানের ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকলেও তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন না ঘটায় বাজারে আতঙ্ক কিছুটা কমেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে।
এর আগে প্রায় পাঁচ মাসের সংঘাতের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। তবে পরবর্তী কার্যদিবসে সেই প্রবণতা পাল্টে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়ে যায়।
সাম্প্রতিক সেই ঊর্ধ্বগতির পর সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে, যা বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.