ইসরায়েলের সামরিক অভিযানের ফলে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত ৬০ হাজার ৭৩৭ জন শিশু বাবা অথবা মাকে হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু বাবাকে, ৫ হাজার ৯২৯ জন শিশু মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা—উভয়কেই হারিয়ে এতিম হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় গাজার ২ হাজার ২৭৬টি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব পরিবারের মোট সদস্যসংখ্যা ছিল ৮ হাজার ৮৫৮ জন। পরিবারের কোনো সদস্য জীবিত না থাকায় তাদের নাম গাজার নাগরিক নিবন্ধন বা সিভিল রেজিস্ট্রি থেকেও মুছে গেছে বলে দাবি করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে, গত অক্টোবরে যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইসরায়েল গাজাজুড়ে হামলা পুরোপুরি বন্ধ করেনি। তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.