দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। নিহত ৬ বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। আরও দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.