বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগের একদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন কে বিদায় জানালেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) দুপুর ২ টা ৩০ তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে, শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।

গত ২৪ জুলাই বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।

একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

এদিকে বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস করলেও তিনি স্পিকারের বাসভবনেই থাকবেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.