আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি সমাজের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগোচ্ছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, “এখন যারা সরকারে আছে, তারাও একসময় মজলুম ছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই তারাও হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে যাচ্ছে।”

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, “আমরা হাসিনাকে বিদায় করেছি। আপনারা যদি ফ্যাসিবাদ কায়েম করেন, জনগণ আপনাদেরও বিদায় করবে।”

তিনি আরও বলেন, গণভোটে জনগণ পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। “গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে।”

বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান বলেন, জনগণ মুক্তির পথ শিখে গেছে এবং শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না। তিনি বলেন, “জীবন দিয়ে হলেও আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করব।”

তিনি জানান, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত ১১-দলীয় ঐক্যের আন্দোলন আরও জোরদার হবে।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীবহুল অঞ্চল হওয়া সত্ত্বেও ওসমানী বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়নি। পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করা, সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি জানান।

প্রধানমন্ত্রীকে ‘খোঁজ নিয়ে দেখুন’ আহ্বান অলি আহমদের

সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেন, দেশে এখনো দুর্নীতি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতি অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “খোঁজ নিয়ে দেখুন, বসুন্ধরা, সামিট গ্রুপ ও এস আলমের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে কারা আছে। আপনার দলের নেতারাই এসব প্রতিষ্ঠানের দেখভাল করছে এবং আপনাকে ভুল পথে পরিচালিত করছে।”

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পাঁচ বছর টিকবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে তারা পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

তিনি বলেন, “তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি জনগণের রায়কে সম্মান করবেন, নাকি তা উপেক্ষা করে অন্যদের মতো রাজনৈতিক পরিণতির মুখোমুখি হবেন।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠনের দাবি জানান তিনি।

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্র-তরুণদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের আন্দোলন সফল হয়েছে এবং বাংলাদেশের ছাত্র-জনতা তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।

‘কথা না শুনলে ঘাড় ধরতেও হাত কাঁপবে না’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে দুর্বল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, তাহলে ক্ষমতায় থাকার অধিকার আপনাদের থাকবে না। প্রথমে পায়ে ধরে বলব, পরে হাতে ধরে বলব। যদি তাতেও কথা না শোনেন, তাহলে ঘাড় ধরতেও আমাদের হাত কাঁপবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির হাবিবুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান (মঞ্জু), জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.