ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফের চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তির আওতায় পিকেএসএফের গ্যারান্টি সহায়তায় এনসিসি ব্যাংক পিকেএসএফের তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ঋণসুবিধা প্রদান করবে। পরবর্তীতে এসব অংশীদার প্রতিষ্ঠান দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এ অর্থ বিতরণ করবে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসিনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.