রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর আর কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ অধিশাখা-২) সাইদুজ্জামান সাঈদ জানান, শুক্রবার বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের এই ব্রিফিং হবে।
সংসদ বিটের রিপোর্টারদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়েই এই ব্রিফিং ডাকা হয়েছে। সেখানেই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকা ফিরেন হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে ৯০ দিনের মধ্যে সংসদে নির্বাচনের মাধ্যামে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটাই সংবিধানের নিয়ম।
স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই করবেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.