আগামী বছর হজের জন্য বিমানের ভাড়া কমানো হয়েছে। চলতি বছর হজের জন্য বিমানভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। আগামী বছর এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ বিমান ভাড়া কমছে ২৪ হাজার ৮৩০ টাকা।
বুধবার (২২ জুলাই) ধর্ম মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। ২০২৭ সালে হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজ প্যাকেজ ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ রাখা হয়েছে। হজ প্যাকেজ-১-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, নিবিড় তদারকি এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় আগামী বছরের জন্য আরও উন্নত ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন আনা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, সৌদি সরকার হজযাত্রীদের আবাসন, যাতায়াত, খাবার ও সেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালে মিনা-আরাফায় এ, বি, সি ও ডি- এই চারটি সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালে তা কমিয়ে তিনটি করা হয়েছে। ‘ডি’ ক্যাটাগরি বাদ দেওয়ায় সেবার মান আরও সমন্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.