৩ জেলায় বন্যা সতর্কতা, পানি বাড়ছে উত্তরাঞ্চলেও

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলায় বন্যা সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামসহ অন্তত দশ জেলার নদনদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে আগামী ২৪ থেক ৪৮ ঘণ্টায় এই জেলাগুলোতেও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নওগাঁ জেলায় আত্রাই নদীর পানিও বিপদসীমার ওপরে রয়েছে। এছাড়া সাঙ্গু, মাতামুহুরী নদী অববাহিকায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়ও নদনদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা জেলার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে থাকলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.