রেকর্ড ৪৭ লাখ ই-রিটার্ন দাখিল, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এদিকে নতুন করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২২ জুলাই) থেকে করদাতারা এ সেবা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

এনবিআর জানায়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকেই এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা সফলভাবে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতি করদাতাদের এই ব্যাপক আগ্রহই নতুন করবর্ষে অনলাইন ব্যবস্থাকে আরও গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ।

নতুন করবর্ষে সকল স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন-সংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর আরও জানায়, করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট **www.etaxnbr.gov.bd**-এ তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। এ ব্যবস্থায় ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধের সুবিধা রয়েছে।

রিটার্ন জমা দেওয়ার পরপরই করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১)-এর মাধ্যমে সহায়তা পাওয়া যাবে।

করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনারও ঘোষণা দিয়েছে এনবিআর। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়া যাবে। তবে ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা মিলবে না, বরং অতিরিক্ত কর দিতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.