নতুন বর্ষের শিক্ষার্থীদের র্যাগিং করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তারা হলেন- মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল সোমবার রাত ১০টা থেকে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশের মনপুরা এলাকায় এ র্যাগিংয়ের ঘটনা ঘটে। পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ ও ৫৫তম ব্যাচের কয়েকজন নতুন শিক্ষার্থীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলাসহ কান ধরে ওঠবস করতে বাধ্য করেন ওই আট শিক্ষার্থী। এ ঘটনাকে র্যাগিংয়ের শামিল বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.