ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ৩৭২

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে ছয়জন, বরিশালে বিভাগে ৬৭ জন রয়েছেন। চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত মোট ৯ হাজার ৭৮৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৩৪ জন চিকিৎসাধীন আছেন।

মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এলাকাভিত্তিক মৃত্যুর এ সংখ্যা ময়মনসিংহ ও খুলনায় ৫ জন, ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৪, রাজশাহী ১ বরিশাল বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

এ বছর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা মহানগরের বাইরে ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৫৮ জন, রাজশাহীতে ৩৫১ জন, ময়মনসিংহে ৪০৭ জন, সিলেটে ৮৩ জন ও রংপুরে ১২০ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.