প্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘সিএসই কার্নিভাল ২০২৬’।
রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তরুণ প্রোগ্রামার, উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১২০টি দল অংশ নেয়। পাশাপাশি হ্যাকাথন প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল বাস্তবসম্মত প্রযুক্তিভিত্তিক সমাধান উপস্থাপন করে।
দুই দিনের এ আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি ফিনটেক, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল ফাইন্যান্স এবং ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে একাধিক সেশনের আয়োজন করা হয়। এসব সেশনে দেশের শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিকাশের প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রকৌশলীরা শিক্ষার্থীদের সঙ্গে বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা ২০টি দলকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘সিলভার হকস’ দল। রানারআপ হয় একই বিশ্ববিদ্যালয়ের ‘সুপারনোভা’ এবং তৃতীয় স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘জ্যোতি চাষী’ দল।
হ্যাকাথন প্রতিযোগিতায় প্রথম হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘জিএনজি’ দল। দ্বিতীয় হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘নেক্সাস’ এবং তৃতীয় হয় তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আরেকটা টিম’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. ফরহাদ রাব্বী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান হিসেবে বিকাশ দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিয়মিতভাবে ক্যাম্পাসভিত্তিক প্রযুক্তি উদ্যোগ, উদ্ভাবনী প্রতিযোগিতা এবং তরুণদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বছরজুড়ে ‘বিটেকউইজ’, ‘বি নেক্সট’ এবং ‘বি হাইভ’-এর মতো বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.