ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর বন্ধ

ইরানের হামলার জেরে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ কারণে অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ।

শনিবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েত এয়ারওয়েজ জানায়, ইরানের হামলার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে অধিকাংশ ফ্লাইট নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

বিমান সংস্থাটি যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিয়মিত যাচাই করার পরামর্শ দিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা জোরদার করার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কুয়েতসহ অঞ্চলের কয়েকটি দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, হামলা চালাচ্ছে।

এদিকে শনিবার ভোরে ইরানের হামলার পর কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারের একটি অংশে অগ্নিকাণ্ড ঘটেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্ল্যান্টের নিরাপত্তা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.