গ্রামীণফোনের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের (২০২৬) প্রথম ৬ মাসের নীট আয়ের বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ লভ্যাংশ নগদ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০.৫০ টাকা লভ্যাংশ পাওয়া যাবে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) নিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। আর তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ে ৬ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল।

এদিকে চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে যা ১১ টাকা ২১ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২২ টাকা ২৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৬ টাকা ৯৪ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৪১ টাকা ৫১ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.