শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে এবার সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন।
এর আগে বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি।
এর আগে আজ শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন, এরপর তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে যান এবং সেখান থেকে ফিরে আবারও সায়েন্সল্যাবে অবস্থান নেন। এতে করে সায়েন্সল্যাব মোড়ের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.