পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি ভুল প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে

এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে। অথচ প্রশ্নপত্র মডারেশনের কাজ প্রায় দুই বছর আগে শুরু হয়। ফলে পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রটি আগের সরকারের দায়িত্বে থাকা মডারেটরদের প্রস্তুত করা। তবুও বিষয়টি চিহ্নিত হওয়ার পর সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছে।

তিনি জানান, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে পর্যায়ক্রমে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরে পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ সময় ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), আট বিভাগের বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টির সম্ভাবনা না থাকার তথ্য পাওয়ার পর বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠ পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তায় কেন্দ্রটি কলেজের পাঁচতলা ভবনে স্থানান্তর করা হয় এবং পরীক্ষার্থীদের নৌকায় করে সেখানে নিয়ে পরীক্ষা নেওয়া হয়।

শিক্ষামন্ত্রীর দাবি, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাড়া দেশের অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা পরিচালনায় বড় ধরনের দুর্যোগের ঘটনা ঘটেনি বলে জেলা প্রশাসক ও ইউএনওরা জানিয়েছেন।

তিনি বলেন, বিদ্যমান পরীক্ষা পরিচালনা ব্যবস্থায় স্থানীয় প্রশাসন—জেলা প্রশাসক, ইউএনও, পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতি বিবেচনা করে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কি না, সে বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। প্রয়োজন হলে তারা পরীক্ষা স্থগিতও করতে পারেন। সরকার পুরো সময় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.