‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষাবোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে এবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ঘেরাও করে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় বোর্ড থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনার জন্য একটা প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- এরকম নানা স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

এক শিক্ষার্থী বলেন, আমাদের কীভাবে এই শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে ট্রিট করেন। উনি কি ভুলে গেছে এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪ এ রক্ত দিয়েছে বলে তিনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন। আমাদের এখন একমাত্র দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন ওনার স্থলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যন্য দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা ।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.