আলভারেজ–মার্তিনেজের গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।  এই দল যে শুধুই লিওনেল মেসিনির্ভর নয় তা বিশ্ববাসীকে বুঝিয়ে দিলেন হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ। অতিরিক্ত সময়ে তাদের দুর্দান্ত দুই গোলে কোয়ার্টারের শিকল ভেঙ্গে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ চারের লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে জুড বেলিংহামের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ১০ মিনিটে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে উড়ে এসে দুর্দান্ত হেডে বল জালে পাঠান আলেক্সিস ম্যাক আলিস্টার।

শুরুতেই পিছিয়ে পড়লেও ভেঙে পড়েনি সুইজারল্যান্ড। প্রথমার্ধে একাধিক আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে আরও সংগঠিত হয়ে মাঠে নেমে ৬৭ মিনিটে সমতায় ফেরে সুইসরা। মাঝমাঠ থেকে গড়ে ওঠা চমৎকার এক আক্রমণ শেষ করে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন ড্যান এনদোয়ে।

সমতা ফেরার পর ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হলেও ৭২ মিনিটে বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। বক্সের ভেতর ডাইভ দিয়ে ফাউল আদায়ের চেষ্টা করলে ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন রেফারি। প্রতারণার দায়ে ব্রিল এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দারুণ লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড। একের পর এক আর্জেন্টাইন আক্রমণ প্রতিহত করে তারা নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ১-১ রেখেই ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে সক্ষম হয়।

টাইব্রেকারের সম্ভাবনা যখন ক্রমেই জোরালো হচ্ছিল, তখনই জাদুকরী মুহূর্ত উপহার দেন হুলিয়ান আলভারেজ। অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে ডান পায়ের দুর্দান্ত রকেট শটে বল জড়িয়ে দেন সুইস জালে। গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না সেই শট ঠেকানোর। গোল উদযাপনের সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আর্জেন্টিনার বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেজকে হলুদ কার্ড দেখান রেফারি।

পিছিয়ে পড়ার পর ১০ জনের সুইজারল্যান্ড শেষ মুহূর্তে মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায়। তবে ইনজুরি সময়ের একেবারে শেষ দিকে পাল্টা আক্রমণ থেকে লাউতারো মার্তিনেজ তৃতীয় গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন। ৩-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা এবং টানা লড়াই পেরিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকাপোক্ত করে।

এবার শেষ চারের মহারণে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে আরেক শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড। জুড বেলিংহামের নেতৃত্বে দারুণ ছন্দে থাকা ইংলিশদের বিপক্ষে জয় পেলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে লিওনেল মেসির দল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.