সম্প্রতি রাশিয়ার জ্বালানি ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরনের হামলা রাশিয়াকে অস্থিতিশীল করতে পারবে না, রাশিয়ার জনগণের মধ্যেও ভীতি জাগাতে পারবে না।
গতকাল বুধবার মস্কোতে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিন থেকে মন্ত্রীসভার বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকে তিনি বলেন, “এটা ইতোমধ্যে সম্পূর্ণ স্পষ্ট যে শত্রুপক্ষ জ্বালানি খাতে লাগাতার হামলার মাধ্যমে আমাদের অর্থনীতিকেই ধ্বংস করতে চাইছে। তাদের ধারণা যে এসব হামলায় রাশিয়া অস্থিতিশীল হয়ে উঠবে।”
“কিন্তু সত্য হলো— রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের সবচেয়ে সহনশীল জ্বালানি ব্যবস্থা। শত্রুপক্ষের এসব হামলায় রাশিয়ার অর্থনীতি ধ্বংস হবে না, সাধারণ রুশ জনগণের মধ্যেও ভীতির সঞ্চার করতে পারবে না। সুতরাং যে লক্ষ্য শত্রুরা লক্ষ্যের জন্য হামলা করছে, তা অর্জন তাদের জন্য অসম্ভব।”
সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগার, গ্যাস কমপ্রেশন স্টেশন, বেসামরিক অবকাঠামোগুলোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
পাশাপাশি রাশিয়া থেকে কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়ায় চলাচলকারী যানবাহনেও হামলা করছে ইউক্রেনীয় বাহিনী। যানবাহনে হামলার কারণে শুধু গত সপ্তাহেই নিহত হয়েছেন ৩৮ জন বেসামরিক এবং আহত হয়েছেন ২৭০ জন।
ইউক্রেনের সাম্প্রতিক এসব হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে মস্কো।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.