যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঘটেছে বড় ধরনের পতন। বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মার্কিন শীর্ষ নেতৃত্বের ইতিবাচক মন্তব্যে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত চার মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশেরও বেশি কমে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬৮ ডলার ৫৮ সেন্টে। উভয় বেঞ্চমার্কেরই এই দরপতন গত মার্চের পর সবচেয়ে সর্বনিম্ন সমাপনী মূল্য।

বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক কিছু মন্তব্য এই দরপতনের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে।

এর আগে এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ‘খুব ভালো’ চলছে বলে উল্লেখ করেন এবং প্রায় একই সুরে জেডি ভ্যান্স জানান যে এই আলোচনা ‘অত্যন্ত চমৎকার’ অগ্রগতির দিকে যাচ্ছে।

দুই দেশের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাসের এই ইতিবাচক সংকেত সরাসরি প্রভাব ফেলেছে বৈশ্বিক তেলের বাজারে, যার ফলে বিনিয়োগকারীদের মাঝে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে এবং তেলের দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.