বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় মেক্সিকোতে ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী তরুণী। অন্য দুজন হলেন ৪৮ বছর বয়সী একজন নারী এবং ৪৪ বছর বয়সী একজন পুরুষ।

ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হলে এই ঘটনাটি ঘটে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসে। তাদের বেশিরভাগই শহরের কেন্দ্রস্থলের অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হয়েছিল।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবাকর্মীরা সড়কের আশপাশের তিনটি পৃথক স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসরা তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তিনজনই শ্বাসরোধে মারা গেছেন। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন।

মেক্সিকো সিটিতে দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে, যা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলগুলোর একটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.