শাহজালাল মাজারে প্রকাশ্যে দানের টাকা গণনা, মিলল স্বর্ণ ও সাড়ে ১৭ লাখ টাকা

সিলেটের শাহজালাল মাজারে দান বাক্সে জমা পড়া টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে।

সোমবার দুপুর থেকে একটি দানবাক্স ও তিনটি দানের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়। এই মাজারের দানবাক্স ও ডেগগুলো থেকে পাওয়া যায় ১৭ লাখ ৬৪ হাজার ৫৪৯ টাকা। এছাড়া মাজারে দানের জন্য যে বড় পাতিলে সাত গ্রাম স্বর্ণ পাওয়া গেছে।

শাহজালাল ও শাহপরান মাজারে কয়েকটি দানবাক্স বা দানের ডেগ থাকলেও সেখানে কি পরিমাণ দান জমা পড়ে, সেই অর্থ কোথায় বা কীভাবে ব্যয় হয়, সেসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। সম্প্রতি জেলা প্রশাসনের একটি বৈঠকে এই বিষয়টি উঠে আসে। এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে এই তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। সেই সাথে জেলা প্রশাসন থেকেও একটি দানবাক্স স্থাপন করা হয়।

তবে এ নিয়ে মাজারের খাদেমসহ স্থানীয় অনেকে বিরূপ প্রতিক্রিয়া দেখান। এর কয়েকদিনের মধ্যেই জেলা প্রশাসককে বদলির নির্দেশও আসে।

এর মধ্যেই আজ বিদায়ী জেলা প্রশাসকের উপস্থিতিতে সিলগালাগুলো খুলে দেওয়া হয়। এসব ডেগে ও দানবাক্সে গত চারদিন ধরে জমা পড়া টাকা বের করে স্থানীয়দের উপস্থিতিতে গণনা শেষে ওই অর্থ ও গহনা পাওয়া যায়। পরে এসব টাকা জেলা প্রশাসন ও ওয়াকফ কমিটির যৌথ নামে একটি ব্যাংক হিসাবে রাখা হয়েছে। ভবিষ্যতে এই অর্থ মাজার সংশ্লিষ্ট ব্যবস্থাপনা ও উন্নয়নে ব্যয় হবে বলে এর আগে জানানো হয়েছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.