মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ার ফোর্স ওয়ানে একটি অত্যাধুনিক নতুন বিমান যুক্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানটির উদ্বোধন করেছেন। বোয়িং ৭৪৭-৮ সিরিজের এ বিমানটি গত বছর কাতারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ‘নিঃশর্ত’ উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
শনিবার (২০ জুন) ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই বিলাসবহুল জাম্বো জেটটির প্রয়োজনীয় পরিবর্তন ও আধুনিকায়নের কাজ শেষ করেছে। এটির আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি ডলার।
উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই বিমানটিকে বিলাসবহুল ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ রূপান্তর করা হয়েছে। এমনটা এর আগে কেউ কখনও দেখেনি।
এক বিজ্ঞপ্তিতে মার্কিন বিমান বাহিনী বলেছে, বিমানটি প্রেসিডেন্টের ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদনের আগে কিছু পরীক্ষামূলক ফ্লাইটে অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানটিতে নিরাপত্তা ব্যবস্থা, মিশন, যোগাযোগ ব্যবস্থা, লজিস্টিক সাপোর্ট এবং উন্নত প্রযুক্তির ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। আগের মালিকানার কারণে বিমানে নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করে তা পুরোপুরি ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।
গণমাধ্যম বলছে, বিমানের ভেতরের মূল সাজসজ্জায় তেমন পরিবর্তন আনা হয়নি। এটির বাইরের অংশে লাল, সাদা, নীল এবং সোনালি রঙের একটি নতুন প্রলেপ দেওয়া হয়েছে।
২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বিমানটি উপহার দেয়। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ফেডারেল আইন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা সাধারণত ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারেন না।
হোয়াইট হাউস বলছে, বিমানটি গ্রহণ করা সম্পূর্ণ আইনসম্মত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মেয়াদ শেষ করলে এটিকে ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে’ হস্তান্তর করা হবে।
কাতারের উপহারের এ বিমানটি যুক্ত হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে দুটি ৭৪৭-২০০বি জেট ছিল। এগুলো ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর স্টিভেন চেউং জানিয়েছেন, এটি যুক্ত হওয়ার ফলে পুরোনো মডেলের একটি বিমানকে অবসরে পাঠানো হচ্ছে।
এক্সে পুরোনো বিমানের একটি ছবি শেয়ার করে স্টিভেন চেউং লিখেছেন, বিদায়, বিশ্বস্ত সেবক। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বোয়িং দুটি ভিসি-২৫বি সরবরাহ না করা পর্যন্ত এ বিমানটি আপাতত ব্যবহার করবেন প্রেসিডেন্ট।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.