ট্রাক উল্টে রেললাইনে, কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় রেলনাইন স্থানচ্যুত হয়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কুড়িগ্রাম-তিস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাক উল্টে রেলপথের ওপর পড়ে রেলপথ স্থানচ্যুত হওয়ায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন বৃস্পতিবার সকালে কুড়িগ্রাম পৌঁছাতে পারেনি। তিস্তা রেলস্টেশন থেকে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে অনেককে বিকল্প পরিবহনে করে ছুটতে হয়েছে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে।

কুড়িগ্রাম রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কনিকা আক্তার বলেন, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরিয়ে রেলপথ ট্রেন চলাচল উপযোগী করার কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জেনেছি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.