যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি সম্পন্ন হবার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। এতে তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে নেমে আসে।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, আগামী শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, কোনও ধরনের টোল ছাড়াই হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত থাকবে। পাশাপাশি ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভূরাজনৈতিক ঝুঁকি কারণে তেলের দামে যে রিস্ক প্রিমিয়াম যোগ হয়েছিল, তা এখন দ্রুত হারে কমে যাচ্ছে। কারণ ব্যবসায়ীরা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব সহকারে দেখছেন।’
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.