অবশেষে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা, শুক্রবার চুক্তি

অনেক নাটকীয়তা আর অনিশ্চয়তার পর অবশেষে আলোর মুখ দেখতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যাশিত চুক্তি। ইতোমধ্যে দেশ দুটি একটি সমঝোতায় পৌঁছেছে। আগামী শুক্রবার (১৯ জুন) ইউরোপের দেশ সুইজারল্যান্ডে তাদের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স দেশটির হয়ে ওই চুক্তিতে সই করবেন।

খবর বিবিসি, আলজাজিরা ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার ভোর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তির বিষয়ে দেশ দুটির সমঝোতা হওয়ার এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ। আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু কর। তেলের প্রবাহ চলুক।’

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তার দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম বিন আলথানি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.