সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলা এবং ইন্টারপোলের সহায়তায় তার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ কর্মকতারা জানান, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। গত ১২ জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটকের কথা জানানো হয়।

দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন তিনি দুবাইতে আসেন। পরে সেখানে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচার মামলা দায়ের করে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দুদকের তদন্তে তার ঘোষণা বহির্ভূত প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়।

২০২৬ সালের ৩ মে এই মামলায় আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেছে এবং ১৩ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামির মধ্যে বেনজীর আহমেদ অন্যতম। তিনি বর্তমানে এই মামলায় পলাতক হিসেবে চিহ্নিত।

আদালতের নির্দেশে বাংলাদেশে তার ও তার পরিবারের নামে থাকা ৬২১ বিঘা জমি, ব্যাংক অ্যাকাউন্ট এবং বিভিন্ন শেয়ার জব্দ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তার নামে থাকা স্থাবর সম্পত্তি এবং ব্যাংক হিসাবও ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মানবতাবিরোধী অপরাধ এবং অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়েছে। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তার ওপর নিষেধাজ্ঞা (Magnitsky Act) আরোপ করে রেখেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.