পাশের সিটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বসিয়ে গাড়ি চালাচ্ছেন প্রধানমন্ত্রী। এমন দৃশ্য উন্নত বিশ্বের দেশে কিছুটা পরিচিত হলেও বাংলাদেশে অনেকটাই অকল্পনীয়। তবে এবার তেমনই এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একদিনের সফরে শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে হিলটপ সার্কিট হাউসে যান তিনি। সার্কিট হাউসে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন ব্যতিক্রমী উপস্থিতি বিমানবন্দর ও আশপাশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহাজাহান চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.