ক্যানসারসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তদের সহায়তা বাড়ল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্যানসারসহ ছয় দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো জীবনচক্রভিত্তিক পদ্ধতিতে সকল নাগরিককে সুরক্ষার আওতায় এনে দারিদ্র্য ও বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন কর্মসূচি সম্প্রসারণ করছে।

তিনি জানান, ক্যান্সারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসা ব্যয় বহনে সহায়তা দিতে এককালীন অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে। এতে এসব রোগে আক্রান্ত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.