রাজধানীর চানখারপুল এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়দেব (৪০) রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।
বুধবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটে। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
জানা গেছে, বিকেলে চানখাঁরপুল এলাকায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয়দেব। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে আহত অবস্থায় জয়দেবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.