আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। ৬ জন কাউন্সিলর এই রিট দায়ের করেছেন।
এর আগে গত ১৬ মে বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।
গত ১৭ মে বিকাল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।
বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে আছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার। গত ১৩ মে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.