হজ শেষে দেশে ফিরলেন প্রথম ফিরতি ফ্লাইটের ৪১৯ যাত্রী

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শনিবার (৩০ মে) ঢাকায় পৌঁছেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বেলা ১১টায় ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের ফিরিয়ে আনতে প্রথম দিনে ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন দেশে ফিরবেন। চলতি বছরের হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম ১ জুলাই পর্যন্ত চলবে।

এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন এবং ভিসা-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়। এছাড়া হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছিল। এর ফলে কোনো ধরনের বড় শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে যেতে সক্ষম হয়েছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.