শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন, বলিষ্ঠ নেতৃত্ব, সততা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়তা এবং স্বনির্ভর উন্নয়নের দর্শন দেশের তরুণ প্রজন্মকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিহত হন।
বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের আহ্বান এবং স্বাধীনতার ঘোষণা দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রক্ষমতায় এসে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, আত্মনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তার ঘোষিত ১৯ দফা কর্মসূচিকে উৎপাদনমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি রূপরেখা হিসেবে আখ্যায়িত করেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ রক্ষায় জিয়াউর রহমানের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।
রাষ্ট্রপতি বলেন, স্বল্প সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে জিয়াউর রহমান দেশের উন্নয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও উজ্জ্বল হয়ে আছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.