আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৩০ মে)।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান।

দিনটি উপলক্ষে বিএনপি দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও অনুরূপ কর্মসূচি পালিত হবে।

এছাড়া স্থানীয় পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআনখানি এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দেশের বিভিন্ন ইউনিটের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, কাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।

আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার ঘোষণার জন্য পরিচিত। পরবর্তীতে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

দলীয় নেতারা বলছেন, জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং আঞ্চলিক সহযোগিতার যে রাজনৈতিক দর্শন জিয়াউর রহমান রেখে গেছেন, তা দেশের রাজনীতিতে এখনও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.