গলাচিপায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ঈদের আনন্দঘন মুহূর্ত যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা ১৩ মিনিটের দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. ঝিলাম মিয়ার ছেলে।

অপরদিকে নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে স্থানীয় কালিকাপুর এলাকা থেকে গলাচিপা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা মূল সড়ক থেকে একটি গলির দিকে প্রবেশ করছিল। মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে গলিতে ঢুকতে যাওয়া অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় তামিম ও ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিম ইকবালকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আল ফয়সালও মারা যান।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। তারা হলেন— গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিকশাচালক সোহাগ হাওলাদার (২৫) এবং রতনদী হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ইমরান হোসেন (৪০)।

ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.