পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদযাত্রাকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নারীবান্ধব করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত করা হয়েছে বিশেষ কোচ।
সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এটি চালু হয়েছে। আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত বিশেষ নারী কোচের যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন এবং ঢাকার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা নারী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ভিড়ের মধ্যে দীর্ঘ ভ্রমণে আলাদা কোচ নারীদের জন্য অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক হবে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেও নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্ত করা হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) সোমবার ঢাকায় পৌঁছাবে। এসময় বিশেষ কোচের যাত্রীদের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের স্বাগত জানানোর কথা রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ননস্টপ সোনার বাংলা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই বিশেষ কোচ চালু করা হয়েছে।
আজ থেকে শুরু হওয়া এ বিশেষ সেবা ঈদের আগের তিনদিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত চালু থাকবে। বাসস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.